কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে কারখানায় উৎপাদন ও পণ্য সরবরাহ- ব্যবসার প্রতিটি ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা নিয়েছে বিশ্বখ্যাত চকোলেট ও স্ন্যাকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য হার্শি কোম্পানি। উৎপাদনপ্রক্রিয়া আরও দক্ষ করা, অপচয় কমানো এবং পণ্যের মজুত ও সরবরাহব্যবস্থাপনা উন্নত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক বিনিয়োগকারী সম্মেলনে এ পরিকল্পনার কথা জানানো হয়। হার্শির লক্ষ্য, কাঁচামাল সংগ্রহের জন্য তথ্য বিশ্লেষণ, কারখানার স্বয়ংক্রিয়করণ এবং গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় এআই প্রযুক্তি যুক্ত করা। এর মাধ্যমে বিভিন্ন বিভাগের কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি তথ্যের ভিত্তিতে দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে চায় প্রতিষ্ঠানটি।
সরবরাহ ব্যবস্থা আরও দক্ষ করার পরিকল্পনা
খাদ্য ও স্ন্যাকস শিল্পে কাঁচামালের দাম, মৌসুমি চাহিদা এবং বাজারভেদে পণ্যের চাহিদার পরিবর্তন সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করে। এসব পরিস্থিতি সামাল দিয়ে যথাসময়ে সঠিক পণ্য সরবরাহ করা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।
হার্শি এআইয়ের সাহায্যে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়। এ জন্য বিভিন্ন ব্যবসায়িক বিভাগের তথ্য ও কার্যক্রমকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে পণ্যের মজুত ব্যবস্থাপনা উন্নত করা, অপ্রয়োজনীয় অপচয় কমানো এবং কাঁচামাল কেনা থেকে শুরু করে পণ্য বিতরণ পর্যন্ত বিভিন্ন সিদ্ধান্ত আরও কার্যকরভাবে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
কাঁচামাল কেনা ও কারখানা পরিচালনায় এআই
হার্শির পরিকল্পনায় সরবরাহব্যবস্থার পাশাপাশি উৎপাদন কারখানার কার্যক্রমও গুরুত্ব পাচ্ছে। কোকো ও চিনির মতো গুরুত্বপূর্ণ কাঁচামালের দাম আবহাওয়া, আন্তর্জাতিক বাণিজ্য এবং সরবরাহসংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে ওঠানামা করে। সরবরাহকারীদের তথ্য ও বাজারের প্রবণতা বিশ্লেষণ করে কাঁচামাল সংগ্রহের সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা আরও উন্নত করতে চায় প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে কারখানায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উৎপাদনপ্রক্রিয়ার দক্ষতা বাড়ানোর পাশাপাশি কর্মীদের মধ্যে সমন্বয় উন্নত করার ওপরও জোর দিচ্ছে হার্শি।
পরীক্ষামূলক ব্যবহার ছাড়িয়ে বাস্তব ব্যবসায় এআই
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কার্ক ট্যানার এ কৌশলগত পরিকল্পনাকে প্রবৃদ্ধি অর্জন এবং পরিকল্পনার সফল বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
হার্শির এই উদ্যোগ ব্যবসাপ্রতিষ্ঠানে এআই ব্যবহারের পরিবর্তিত প্রবণতারও ইঙ্গিত দেয়। একসময় এ প্রযুক্তির ব্যবহার মূলত সফটওয়্যার, চ্যাটবট ও তথ্য বিশ্লেষণের মতো ক্ষেত্রে সীমিত থাকলেও এখন উৎপাদন, মজুত ব্যবস্থাপনা এবং সরবরাহের মতো সরাসরি ব্যবসায়িক কার্যক্রমেও এর প্রয়োগ বাড়ছে। হার্শির পরিকল্পনা বাস্তবায়িত হলে উৎপাদন ও সরবরাহব্যবস্থার বিভিন্ন ধাপে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আরও বাড়বে।