সরকারি সেবায় এআই: ২০ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণের উদ্যোগ আবুধাবির

By
বদরুদ্দোজা মাহমুদ তুহিন
বদরুদ্দোজা মাহমুদ তুহিন একজন প্রযুক্তি সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী। সাংবাদিকতা, প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট ও জনসংযোগে তাঁর এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি সমকাল, কালের কণ্ঠ, কম্পিউটার...
- Editor

সরকারি কর্মকাণ্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিতে এক উচ্চাভিলাষী প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। ‘এআই নেটিভ’ নামের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে চলতি বছরের শেষ নাগাদ প্রায় ২০ হাজার সরকারি কর্মকর্তাকে এআই ব্যবহারের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আবুধাবির ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এনাবলমেন্ট (ডিজিই) নতুন এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই, মাইক্রোসফট এবং মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এমবিজেডইউএআই) যৌথ সহায়তায় এই বিশ্বমানের পাঠ্যক্রম তৈরি করা হয়েছে।

প্রশিক্ষণ ও প্রযুক্তির প্রয়োগ
প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সাধারণ কর্মচারীদের পাশাপাশি জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য তৈরি করা হয়েছে পৃথক পাঠ্যক্রম। এতে চ্যাটজিপিটি, কোডেক্স এবং মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের মতো উন্নত এআই টুল ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

বিশেষ করে রাজস্ব, ক্রয়, আইন ও অর্থ বিভাগে কর্মরত কর্মকর্তাদের দৈনন্দিন দাপ্তরিক কাজে এআই প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তোলা হবে। উদাহরণস্বরূপ- আইনি বিভাগকে চুক্তিপত্রের খসড়া তৈরিতে এবং মানবসম্পদ বিভাগকে জনবল পরিকল্পনায় এআই ব্যবহারের কৌশল শেখানো হচ্ছে। এ ছাড়া পরবর্তীতে কারিগরি ও ডেটা বিশ্লেষণমূলক কাজের জন্য বিশেষ সনদভিত্তিক প্রশিক্ষণেরও পরিকল্পনা রয়েছে।

তথ্য সুরক্ষা ও প্রশাসনিক নিরাপত্তা
এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার এড়াতে এবং সংবেদনশীল সরকারি তথ্যের নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে কঠোর নিরাপত্তা নির্দেশিকা। কোন ধরনের সরকারি তথ্য এআই সিস্টেমে অন্তর্ভুক্ত করা যাবে এবং কোন গোপনীয় তথ্য দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, সে বিষয়ে কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে।

এর আগে আবুধাবির সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য মাইক্রোসফটের বিশেষ ক্লাউড সেবা চালুর মাধ্যমে সব ডেটা বা তথ্য সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ সার্ভারেই সংরক্ষণের বন্দোবস্ত করা হয়েছে। তা ছাড়া একটি কেন্দ্রীয় নিরাপত্তা কেন্দ্র থেকে সার্বক্ষণিক সাইবার ঝুঁকি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডিজিটাল কৌশল ও নাগরিক সেবা
আবুধাবির ৩৫০ কোটি মার্কিন ডলারের ‘ডিজিটাল কৌশল ২০২৫-২০২৭’-এর অংশ হিসেবে বিশাল এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে সাধারণ নাগরিক ও বাসিন্দাদের জন্যও ‘তমুহ’ নামের একটি অ্যাপের মাধ্যমে এই প্রশিক্ষণ উন্মুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, চাকরির খোঁজ কিংবা ক্ষুদ্র ব্যবসার কাজে সাধারণ মানুষও দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের প্রযুক্তি শিখতে পারবে।

মূলত আধুনিক প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী সরকারি সেবাকে একটি পূর্ণাঙ্গ এআইভিত্তিক স্মার্ট প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তর করাই দেশটির প্রাথমিক লক্ষ্য।

Share This Article
বদরুদ্দোজা মাহমুদ তুহিন একজন প্রযুক্তি সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী। সাংবাদিকতা, প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট ও জনসংযোগে তাঁর এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি সমকাল, কালের কণ্ঠ, কম্পিউটার জগৎ ও টেকশহরসহ বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, ভোক্তা প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের সাম্প্রতিক প্রবণতা গুরুত্ব পায়।